আইজিপি মো. আলী হোসেন ফকির সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আইজিপি গতকাল সকালে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ হেডকোয়ার্টার্স। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ মেধাবৃত্তি দেয়া হয়েছে।
অতিরিক্ত আইজি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন এআইজি মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, অভিভাবকরা এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘আজ তোমাদের যে সম্মাননা প্রদান করা হচ্ছে, তা শুধু একটি পুরস্কার নয়; এটি তোমাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, ভবিষ্যতের প্রতি আমাদের বিশ্বাস এবং তোমাদের সম্ভাবনার প্রতি আমাদের আস্থার প্রতীক। তোমাদের শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।’
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘অব্যাহত সাফল্যের জন্য তোমাদের নিরলস পরিশ্রম করতে হবে। জীবনে উন্নতি করতে হলে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ তিনি স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় গভীর মনোনিবেশের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে এগিয়ে যেতে হবে। সব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’