বিএনপি কোনো পাতানো বা ‘মিডনাইট’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এ দেশে স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী কারো কোনো স্থান নেই।
গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
মানুষের কল্যাণ ও সুরক্ষার জন্য বিএনপি কাজ করছে জানিয়ে রিজভী বলেন, ‘বাংলাদেশকে যারা উপনিবেশ বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল প্রতিরোধ গড়ে তুলবে।’
তিনি বলেন, ‘এ দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো স্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে।’
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘অস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার কথা বলেছেন তিনি। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্কের ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।’
রিজভী বলেন, ‘তারেক রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ে। শিল্প-কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়। যারা আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল প্রতিবাদ করছে।’
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।