গত দুই দিন কাজ করলেও আজ বুধবার তা বন্ধ রেখেছেন মৌলভীবাজারের অধিকাংশ চা বাগানের শ্রমিকরা। আবার মাঠের আন্দোলনেও নেই তারা। বিচ্ছিন্ন কয়েকটি বাগান ছাড়া প্রায় সকল চা বাগানে এখন সুনসান নীরবতা।
কয়েকটি বাগান সরেজমিনে ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
শ্রমিকরা বলছেন, এই সময়ে তারা শ্রমিক নেতা বা প্রশাসন উপর কারো উপর আস্থা রাখতে পারছেন না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তাদের আস্থা রয়েছে। তিনি মজুরি নির্ধারণ করে কাজে ফেরার কথা বললেই সবাই কাজে ফিরবেন।
গতকাল মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাগান পরিদর্শন করে কাজে যোগ দেওয়ায় অনুরোধ করা হয়। ওই আশ্বাসে ১২টি বাগানের শ্রমিকরা কাজে ফিরেছিলেন। কিন্তু আজ বুধবার আবারও এসব বাগানসহ জেলার অধিকাংশ চা বাগানে একযোগে কর্মবিরতিতে রয়েছেন শ্রমিকরা।
এর আগে ২১ আগস্ট রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে ১২০ টাকা মজুরি রেখেই কাজে যোগ দেয়ায় সিদ্ধান্ত হয়েছিল। সেই প্রস্তাব মেনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এরপর কিছু বাগানের শ্রমিক কাজে যোগ দেন, অন্যদিক একাংশ প্রস্তাব প্রত্যাখ্যান করে কর্মবিরতি অব্যাহত রাখেন।