গাজীপুরের ৫টি আসনের ৪ টিতে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী

ঘোষিত ফলাফল অনুযায়ী, গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিজয়ী হয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। একটি আসনে জয় পেয়েছে জামায়াত মনোনীত প্রার্থী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিজয়ী হয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। একটি আসনে জয় পেয়েছে জামায়াত মনোনীত প্রার্থী। শুক্রবার সকালে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, গাজীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন, বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন মোট ২ লাখ ৮ হাজার ৬৮৮টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. শাহ আলম বকশি। তিনি ভোট পেয়েছেন এক লক্ষ ৪৯ হাজার ৪৫৩টি।

গাজীপুর-২ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ৮৮ হাজার ৬০৬টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির প্রার্থী এডভোকেট আলী নাসের খান। শাপলা প্রতীকে তিনি পেয়েছেন এক লক্ষ ৪০ হাজার ৯৫০ ভোট। এটি সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের সংসদীয় আসন। মোট ভোটার ৮ লক্ষ ৪ হাজার ৩৩৩ টি।

গাজীপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ৬২ হাজার ৩৪৩টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ১ হাজার ৭৭৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯০ হাজার ৩৯০টি।

গাজীপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ৩৩ হাজার ৮৬৯ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।

আরও