দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম। ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
তথ্যনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গতকাল সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময়ও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৫৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বেড়েছে ও কমেছে ২৬ দফা। গত বছর ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় বেড়েছিল ৬৪ বার ও কমানো হয়েছিল ২৯ বার।