বাংলাদেশ থেকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বিশ্ববাজারে ১ হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ১০ হাজার বা ১৯ দশমিক ৯০ বিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত রফতানি হয়েছিল ১ হাজার ৭৮১ কোটি ৯ লাখ ডলারের পণ্য। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ দাবি করছে। ইপিবি কার্যালয়ে গতকাল এক ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
ইপিবির প্রতিবেদন অনুযায়ী, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্য। এর মধ্যে অর্থমূল্য বিবেচনায় মোট রফতানির ৮০ শতাংশই তৈরি পোশাক। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত বিশ্ববাজারে ১ হাজার ৬১১ কোটি ৭১ লাখ ৯০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১ হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ডলারে পণ্য। সে হিসাবে তৈরি পোশাক রফতানি বেড়েছে ১২ দশমিক ৩৪ শতাংশ।
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি অবশ্য দশমিক ৩৫ শতাংশ কমেছে। কৃষিপণ্য রফতানি বেড়েছে ১৫ দশমিক ৮২ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রফতানিও কমেছে ৫ দশমিক ৬৮ শতাংশ। ২০ দশমিক ৭৪ শতাংশ রফতানি বেড়েছে হোম টেক্সটাইল পণ্য।