বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ফিরোজা নামের এক নারী পথচারী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার সহধর্মীনিও ছিলেন। শিবগঞ্জের কিচক ব্রিজের সামনে পৌঁছালে তার গাড়ির সামনে ফিরোজা নামের এক নারী পথচারী চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায় গাড়িটি। এ ঘটনায় ওই নারী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য গাড়িতে জয়পুরহাটের দিকে রওনা হন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান গণমাধ্যমকে বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি বা তিনি আহত হননি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন।