চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সোমবার। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রতিষ্ঠানটিকে আরো তিন সপ্তাহ টার্মিনালটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আজ রোববার এক চিঠিতে সাইফ পাওয়ারটেককে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, সিসিটি পরিচালনায় অপারেটর নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আরো তিন সপ্তাহ টার্মিনালটির কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সাইফ পাওয়ারটেককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বণিক বার্তাকে বলেন, মেয়াদ শেষ হলেও আরো তিন সপ্তাহ সিসিটির কার্যক্রম চলমান রাখার বন্দরের চিঠিটি আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত আগামীকাল (২ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষকে জানাব।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের স্বাক্ষরিত চিঠিটি সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে ২০১৯ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পাদিত চুক্তির উল্লেখ রয়েছে।
চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিসিটির। টার্মিনালটির পরিচালনায় নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় আপাতত বিদ্যমান পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমেই কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফলে নতুন অপারেটর দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সাইফ পাওয়ারটেকই সিসিটির কার্যক্রম পরিচালনা করবে।