নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৪০০টি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদার নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালান।
অভিযানসংশ্লিষ্টরা জানান, আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বস্তা চায়না দুয়ারী জাল পাওয়া যায়। জব্দ করা জালের পরিমাণ প্রায় ৪০০টি। পরে এসব জাল বাজারের জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সময় নিষিদ্ধ জাল বিক্রির সঙ্গে জড়িত এক দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না দুয়ারী জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারী জাল বিক্রি বা ব্যবহারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।