জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেয়া হলো

কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুদিনের মাথায় কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি ভেঙে দেয়া হয়েছে। আজ শুক্রবার জামায়াত এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে গত ১৪ অক্টোবর সংঘটিত ঘটনা এবং উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলে আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো হলো এক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার 'চ' অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী সংগঠন পরিচালিত হবে। কুমিল্লা মহানগরী সংগঠন কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এছাড়া গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এ কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে আমীরে জামায়াতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। সে প্রতিবেদনের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও