ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে। অঞ্চলটিতে চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ সকাল পর্যন্ত মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো।
শাহ আমানত বিমানবন্দর সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা আরো ২টি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে।
তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ কুয়াশার কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় অবতারন করে। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে ফ্লাইটটি সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারক্রাফট যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইট হিসেবে মাস্কাটের উদ্দেশে সকাল ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বণিক বার্তাকে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আজ সকাল পর্যন্ত মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজকের ৪টি ফ্লাইটও আছে।