ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে আগে দেয়া ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে ছুটি পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে ২০২৬ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো।
এর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর উল্লেখ ছিল। যদিও এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এজন্য একদিন পিছিয়েছে। ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি থাকবে। এ পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।’