সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেফতার

জনগণের ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় গত বছরের ২৫ জুন কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়।

কারামুক্তির অপেক্ষায় থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার আদাবর থানার গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক গতকাল এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

জনগণের ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় গত বছরের ২৫ জুন কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে তিনদিনের রিমান্ড দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

এ মামলায় ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় ছিলেন সাবেক এ সিইসি। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত গতকাল আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন।

গতকাল শুনানিকালে কাজী হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। হাবিবুল আউয়ালের পক্ষে তার আইনজীবী তাপস চন্দ্র দাস গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আরও