লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে র্যাব-১১। আজ বুধবার ভোরে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক ব্রিফিংয়ে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বাকি দিতে অস্বীকৃতি জানানোর ঘটনায় আনোয়ার হোসেনের সঙ্গে ইউসুফের ঝগড়া হয়। পরে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে ও পেটে আঘাত করে ইউসুফ। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সেখান থেকে আনোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী রামগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ইউসুফের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফের অবস্থান নিশ্চিত হয়ে নিকুঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।