করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় এক বছরের ছুটি শেষে আগামী ১৩ মার্চ থেকে আবাসিক হলগুলো খুলে দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা দুই সপ্তাহ সময় পাবেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে হলগুলো খুলে দেয়ার সুপারিশ করেছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত বছরের ২০ মার্চ আবাসিক হলগুলো খালি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো আটকে আছে।