চাঁদাবাজির অভিযোগ

মুচলেকা নিয়ে এমপি পুত্রকে পরিবারের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার গভীর রাতে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়। তার বিরুদ্ধে একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, পণ্যবাহী যানবাহন আটকে অর্থ আদায় এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, কিছু অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে।

এদিকে হেফাজতে নেয়ার পরই তাকে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকায় নিয়মিত চাঁদা আদায় ও চাহিদামতো টাকা না পেলে যানবাহন আটকে রাখার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

আরও