রাঙ্গামাটিতে মৃত হাতির দেহাংশ কেটে নিল দুবৃর্ত্তরা

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বুনো হাতির দেহ থেকে পায়ের মাংস ও শুঁড় কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়দের নজরে এলে ঘটনাটি প্রকাশ পায়।

জানা যায়, ভাসান্যাদম এলাকায় প্রায় ৬৫ বছর বয়সী একটি এশিয়ান বুনো হাতি রোববার মারা যায়। পরদিন সকালে দেখা যায়, হাতিটির দেহের বিভিন্ন অংশ কেটে নেয়া হয়েছে।

এ ঘটনায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্যপ্রাণী গবেষকরা। তাদের মতে, যথাযথ পাহারা না থাকায় এমন ঘটনা ঘটেছে। তবে বন বিভাগ বলছে, দুর্গম জঙ্গল ও বিরূপ আবহাওয়ার কারণে রাতে পাহারা দেয়া সম্ভব হয়নি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ্ বলেন, মৃত হাতিটির পাশ থেকে সঙ্গী হাতিটি সরে যাওয়ার পরই অন্ধকারে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় রাতে বন বিভাগের কোনো সদস্য সেখানে অবস্থান করেননি। বর্তমানে ভেটেরিনারি সার্জনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যাচ্ছেন এবং ময়নাতদন্তের পর জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এমএম আজিজ বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য ঘটনা। মৃত হাতির দেহ নিয়মিত পাহারা দেয়ার দায়িত্ব বন বিভাগের ছিল। তাদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, মৃত হাতির পাশে সাধারণত সঙ্গী হাতিরা অবস্থান করে এবং শোক প্রকাশ করে। কিন্তু স্থানীয়দের তাড়ায় সঙ্গী হাতিটি সরে যাওয়ার বিষয়টিও উদ্বেগজনক। এতে বন্যপ্রাণী সংরক্ষণে নেতিবাচক বার্তা যায়।

আরও