ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের শ্রীনগর ষোলঘর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়।
নিহত মোটরসাইকেল চালক মো. সিয়াম (২৫) মাদারীপুর সদর উপজেলার হাটুপাড়া এলাকার মো. আলী আকবরের ছেলে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখী লেন অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।