হামের উপসর্গে পাঁচ শিশু ও ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৬ জন।

দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে চারজন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। এছাড়া একজন করে আছে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে। এর মধ্যে হামের উপসর্গে ১ হাজার ৮২ জন ও নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৪ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জনে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৮০ হাজার ২ জন।

২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৬ জন। এ নিয়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জনে। আর এখন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জন।

এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৪৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৯ জন। এছাড়া চট্টগ্রামে ৯৮, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৩, বরিশালে ৬৫, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন ও ঢাকা বিভাগে দুজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩৫ জন মারা গেছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৫ দিনে মারা গেছে ৯০ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে আরো বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৮১ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে। একই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৭৯ জন।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৬৬ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন। এ দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ২১৯ জন রোগী ভর্তি হয়েছে।

এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ১২৭, খুলনায় ১৪০, রাজশাহীতে ৯৯, ময়মনসিংহে ৯২ এবং রংপুরে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

আরও