লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। গত রোববার ভোরে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল হোসেন এলাকার চিহ্নিত মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর রায়পুর ফায়ার সার্ভিস জানায়, ৯৯৯ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।