গাইবান্ধার সাদুল্লাপুরে সাঁতার কেটে ঘাঘট নদী পার হতে গিয়ে তসলু ব্যাপারী (৭২) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর সেই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তসলু ব্যাপারী উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত ময়েন ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, তসলু ব্যাপারী মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে বাড়ির পাশের ঘাঘট নদী সাঁতার কেটে পার হওয়ার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের পর রংপুর থেকে আসা ডুবুরি দল নদীতে নেমে অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি। এরই একপর্যায়ে বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দুরে নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।