কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দুদক সূত্রে জানা যায়, মো. রেজাউল হক চৌধুরী ও বুলবুল আহমেদ চৌধুরী উভয়ের পিতা শরিফ উদ্দিন চৌধুরী। তাদের ঠিকানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংশ্লিষ্ট এলাকায়

সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৮ অক্টোবর) কুষ্টিয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা যায়, দৌলতপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির বাদী কুষ্টিয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক বুলবুল আহমেদ।

অন্যদিকে, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ২৬৮ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়েছে।

দুদক সূত্রে আরো জানা যায়, মো. রেজাউল হক চৌধুরী ও বুলবুল আহমেদ চৌধুরী উভয়ের পিতা শরিফ উদ্দিন চৌধুরী। তাদের ঠিকানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংশ্লিষ্ট এলাকায়।

দুদকের অভিযোগ অনুযায়ী, সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং বৈধ বা জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন ও দখলে রাখার মাধ্যমে তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন।

আরও