গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে চোরেরা পাশের সেতু লাইব্রেরির ভেতর দিয়ে ঢুকে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে এবং মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে রাখা স্বর্ণালঙ্কার না থাকার বিষয়টি মালিক বুঝতে পারেন এবং থানায় খবর দেন।
সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, ওসি তদন্ত ইকবাল পাশা এবং পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী কার্তিক চন্দ্র সরকার জানান, সিন্দুকে রাখা বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার চোরেরা নিয়ে গেছে। তবে হতবিহ্বল অবস্থায় তিনি তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেয়া হয়েছে।