বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আসামির বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ অভিযোগ গঠন করেন। এতে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
এ বিষয়ে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভুইয়া সাংবাদিকদের জানান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায়, যুক্তিতর্ক উপস্থাপনের দিন ছিলো গতকাল মঙ্গলবার। অভিযোগপত্রে ঘটনার স্থান ভুল হয়েছে। হত্যাকাণ্ডের স্থান উল্লেখ ছিলো গেস্ট রুম। কিন্তু, অভিযোগপত্রে লেখা হয় গেস্ট হাউস। রাষ্ট্রপক্ষ বলছে, এটা টাইপিংয়ের ভুল।
আবরার ফাহাদ খুন হন, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে। হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন। গত বছরের ১৫ সেপ্টেম্বর, ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ইতিমধ্যে ৪৬ জন সাক্ষী ও আবরার ফাহাদের বাবার সাক্ষ্য নেয়া হয়েছে মামলাটিতে।