ফাওজুল কবির

কারখানায় গ্যাস সংকট রয়েছে, সন্ধ্যার মধ্যে সরবরাহ বাড়বে

উপদেষ্টা বলেন, এটা (গ্যাসের সরবরাহ) আরো দু-একদিন আগেই হতো। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি।

সাগর উত্তাল থাকায় জাহাজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নামানো সম্ভব হয়নি। এ কারণে গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়ানো যায়নি। তবে আজ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতি বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, এটা (গ্যাসের সরবরাহ) আরো দু-একদিন আগেই হতো। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি।

উপদেষ্টা আরো বলেন, জানতে পেরেছি গাজীপুরে গ্যাসের অনেক অবৈধ সংযোগ রয়েছে। এর সঙ্গে তিতাসের যে সব কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে তিনি বলেন, আমি সরেজমিনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ দেখতে এসেছি। এর আগে সাভারে দেখে এসেছি। এর আগে শিল্প-কারখানার মালিকরা গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না, এর সত্যতা পাচ্ছিলাম না। তাই সরাসরি দেখতে এসেছি। গ্যাস সংকটের সত্যতাও পেয়েছি। আমরা এই সংকট উত্তরের জন্য এলএনজি আনছি। এরই মধ্যে একটা কার্গো এসেছে। আবহাওয়ার কারণে ড্রপিং করতে পারে নাই। আজকের বিকেলের মধ্যেই ড্রপিং হলে গ্যাসের সরবরাহের উন্নতি হবে। আমরা বিষয়গুলো মনিটরিং করব।

শিল্প এলাকা পরিদর্শনে উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম ও টাওয়াল টেক্স লিমিটেডের পরিচালক এম শাহাদত হোসেন সোহেল।

এদিকে গ্যাস সংকট পরিস্থিতি সরেজমিনে দেখতে গাজীপুরের মির্জাপুরে নোমান গ্রুপের তালহা ফেব্রিক্স লিমিটেডে যান জ্বালানি উপদেষ্টা। এ সময় নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের জ্বালানি উপদেষ্টাকে প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দেখান।

কারখানা পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা অনুমোদিত ইনকামিং ইনলেট প্রেসার ১৪০ পিএসআইর মধ্যে ৯ পিএসআই প্রেসার দেখতে পান এবং অনুমোদিত আউটলেট প্রেসার ১৫ পিএসআইর মধ্যে গড়ে ৪ দশমিক ৭৫ পিএসআই দেখতে পান। জেনারেটরের ক্ষেত্রে, বয়লারের ক্ষেত্রে তা ছিল মাত্র ১ দশমিক ৫ পিএসআই।

আরও