ক্রয় কমিটির বৈঠকে অনুমোদন

রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও ডাল কিনবে সরকার

আসন্ন রমজান মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় পৃথক প্রস্তাবে এ অনুমোদন দেয়া হয়।

আসন্ন রমজান মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় পৃথক প্রস্তাবে এ অনুমোদন দেয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।

অন্যদিকে স্থানীয়ভাবে উন্মুক্ত পদ্ধতিতে চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে ১০ হাজার টন মসুরের ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭১ টাকা ৮৭ পয়সা। এদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি টন সার কেনা হবে ৩৯০ ডলারে, যার মোট মূল্য ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ হাজার টাকা।

এছাড়া ডেলিগেটেড ওয়ার্কস হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর সম্প্রসারণসহ অন্যান্য নির্মাণকাজের জন্য ৩১ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকার একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। কাজটি সম্পন্ন করবে মেসার্স এমএন হুদা কনস্ট্রাকশন লিমিটেড।

একই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার (প্রথম সংশোধিত) জন্য ১৫৮ কোটি ৮৭ লাখ টাকার প্রস্তাব অনুমোদন করা হয়। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ উদ্যোগ ভোজ্যতেলের বর্তমান বাজার পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। ফলে রমজান বা আসন্ন মাসগুলোয় কোনো ধরনের ঘাটতি হওয়ার আশঙ্কা থাকবে না।

আরও