মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে অবৈধভাবে মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের প্রতিরোধে বিএসএফের দুটি চেষ্টাই ব্যর্থ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
মেহেরপুর: গতকাল ভোরে গাংনীর রংমহল সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট খুলে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল বিষয়টি টের পেলে বিএসএফের এ চেষ্টায় বাধা দেয়। এ সময় গ্রামবাসীও বিজিবি সদস্যদের সহায়তা করে। পরে সকাল ১০টার দিকে ওই ছয়জনকে ফেরত নেয় বিএসএফ।
রংমহল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বেলাল হোসেন ছয়জনের ঠেলে পাঠানোর চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়া: দৌলতপুর সীমান্তে দুজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। গতকাল সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ঠোটারপাড়া সীমান্তচৌকি এলাকায় এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।