দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যাদের মৃত্যু হয়েছে তাদের দুজন চট্টগ্রাম বিভাগের ও একজন সিলেট বিভাগের। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১৪ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২১ হাজার ৩০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৩৩ জন।
এছাড়া এ পর্যন্ত হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৬ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৩৩ জন।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হয়েছে ৪০৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহ ৬৮, রাজশাহীতে ২৮ ও রংপুরে ১২ জন ভর্তি হয়েছে।