রংপুরের মিঠাপুকুর উপজেলায় অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরো একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন—কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা গ্রামের মৃত কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫)।
আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুজরুক ঝালই পাকারমাথা গ্রামের মৃত সুলতান আলীর ছেলে এরশাদ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বালারহাট ইউনিয়নের বালারহাট বাজারে তারা অ্যালকোহল সেবন করেন। পরে নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। রাতেই হুজুর আলী মারা যান। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় ছাত্তার মিয়া ও সাজু মিয়ার মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।