চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সংঘাত ও সংঘর্ষ ঠেকাতে মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৬ মার্চ) ভোর সাড়ে ছয়টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা জারির বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটি ও পদবঞ্চিত কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারের কারণে গত ২৪ মার্চ থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিখিত অভিযোগ করেছেন।
জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন চত্বর ও আশপাশের ৫০০ গজ এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। এই সময়ে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন এবং পাঁচজনের অধিক লোকের একত্রিত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গত ১৮ মার্চ বিএনপির চট্টগ্রাম জেলা পুনর্গঠন কমিটির সিদ্ধান্তে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এরপর ২৪ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মিরসরাই উপজেলা, বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আব্দুল আওয়াল চৌধুরীকে আহ্বায়ক এবং আজিজুর রহমান চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়। ঘোষিত কমিটির বিরোধিতা করে ২৫ মার্চ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপির একটি অংশ।
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা এই বিক্ষোভের আয়োজন করেন।
বিক্ষোভ থেকে ঘোষণা দেয়া হয়, বুধবার (২৬ মার্চ) সকালে মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা। একই সময় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা সেখানে এলে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আলা উদ্দিন বলেন, ‘মিরসরাই উপজেলা পরিষদ এলাকায় আমাদের তিনটি টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া চট্টগ্রাম জেলা পুলিশের ১০ সদস্য মোতায়েন রয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় এবং থানার ওসির লিখিত অভিযোগের ভিত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। তবে শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও মহান স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা যথারীতি পালন করা হবে।’