চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর-দোহাজারী সেকশনে রেলপথে পানি কমতে শুরু করেছে। তবে পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন সার্ভিস আগামীকাল শনিবারও স্থগিত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় সর্বোচ্চ উচ্চতা থেকে দুই-তৃতীয়াংশ পানি কমে ৮ ইঞ্চিতে স্থির হয়েছে। পানির এ উচ্চতা ৬ ইঞ্চিতে পৌঁছালে ছোট লোকোমোটিভ দিয়ে লাইট ট্রায়াল রান (পরীক্ষামূলক চলাচল) করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন দেড় ফুট লিফটিং বা উঁচু করার প্রস্তুতি নিতে শুরু করেছে রেলের প্রকৌশল বিভাগ।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম, চট্টগ্রাম) মোস্তাফিজুর রহমান ভূইঁয়া বণিক বার্তাকে বলেন, পানি ৫ থেকে ৬ ইঞ্চিতে নেমে এলে ছোট লোকোমোটিভ দিয়ে ট্রায়াল রান করা হবে। এতে উর্ত্তীণ হলে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন সার্ভিস চালু করতে কোনো বাধা থাকবে না। তবে রেলপথটির অধিক নিরাপত্তা নিশ্চিতে ক্ষতিগ্রস্ত অংশটি উঁচু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রেলওয়ের প্রকৌশল ও পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ষোলশহর-দোহাজারী সেকশনের ৯ কিলোমিটার অংশের প্রায় দেড় কিলোমিটার রেলপথ পানিতে তলিয়ে যায়। এর মধ্যে ৫০০ মিটার রেলপথে পানির উচ্চতার কারণে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের মিটারগেজ লোকোমোটিভের ট্রাকশন মোটরের নিরাপত্তা বিবেচনায় ৪-৫ ইঞ্চি পানি জমলেও ট্রেন চলাচল করতে পারে। তবে মঙ্গলবার সকালে ষোলশহর-দোহাজারী সেকশনে রেলপথে সর্বোচ্চ ২৪ ইঞ্চি পর্যন্ত পানি প্রবাহ ছিল।
রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়ে (পথ) সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছে, টানা ৪-৫ দিন রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকি রয়েছে। পুরনো রেললাইন হওয়ায় পাথর সরে যাওয়া, রেললাইনের মাটি ওয়াশআউট হওয়া কিংবা ট্রেন চলাচলের সময় মাটি দেবে ট্রেন দুর্ঘটনা কবলিত হতে পারে। ফলে পানি নেমে গেলেও ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে না। এজন্য ট্রায়াল রান করা, পাথর সহ রেললাইনের সবগুলো প্রকৌশলগত মেরামত করতে হবে।
এ সমস্যা সমাধানে শনিবার থেকে রেললাইনে পাথর দেয়া ও লাইন উঁচু করার কাজ শুরু করবে প্রকৌশল বিভাগ। এজন্য ৩০০ থেকে ৫০০ মিটার রেলপথের নিচে পাথর প্রবেশ করিয়ে লাইনটি দেড় ফুট বা ১৮ ইঞ্চি উঁচু করা হবে। এ কাজে প্রয়োজনীয় ৬ থেকে ৭ ওয়াগন পাথর আনতে একটি বিশেষ ট্রেন ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে। শনিবার রেললাইনে পাথর দেয়া ও লাইন উঁচু করার কাজ শুরু করবে প্রকৌশল বিভাগ। সাময়িক মেরামত দিয়ে ট্রেন সার্ভিস চললেও ষোলশহর-দোহাজারী রেলপথ সংস্কার প্রকল্পের কাজ শুরু হলে রেলপথ প্রতিমন্ত্রী ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ লাইনটি (৪৭ কিলোমিটার) ৫ ফুট উঁচু করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে প্রকৌশলীরা।