গাইবান্ধায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

একই দিনে জন্ম নেয়া দুই শিশুর একই দিনে মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ ও আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত। তারা দুজন একই দিনে জন্মগ্রহণ করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে যায় শিশু দুটি। একপর্যায়ে তারা পাশের ডোবায় পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে ডোবায় তাদের পাওয়া যায়।

দুই শিশুকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে জন্ম নেয়া দুই শিশুর একই দিনে মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও