খুলনায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গেটের পাশে একটি ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত জান্নাতুল মাওয়া নগরের লবণচরা থানার মাথাভাঙ্গা গ্রামের রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহ জালালের মেয়ে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মা-বাবার সঙ্গে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় মামার বিয়ের দাওয়াতে যায় শিশুটি। সেখানে তার বাবার দূরসম্পর্কের এক আত্মীয় আইসক্রিম খাওয়ানোর কথা বলে তাকে নিয়ে যায়।
অনেকক্ষণ ফিরে না আসায় মা ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয়, শিশুটি আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে দেরি হবে। কিছু সময় পর ওই ব্যক্তির ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত আড়াইটার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেটের পাশের একটি ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
তিনি জানান, মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।