রাজবাড়ী

ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ তিন যুবক গ্রেফতার

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকার মো. মসলেম সরদারের ছেলে মো. আকাশ সরদার (১৯), বড় চর বেনী নগরের ইউনুচ সরদারের ছেলে মো. মিনহাজুল সরদার (২০) ও চর নারায়নপুরের মো. আজাহার মাস্টারের ছেলে মো. আতাহার (২৬)।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আমিনুল হক ফোর্সসহ উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক ব্যক্তির বাড়ির সামনে গলির রাস্তা থেকে মো. আকাশ সরদার, মো. মিনহাজুল সরদার ও মো. আতাহারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও