জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত
জনগোষ্ঠীদের বিষয়ে জানতে একটি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। গবেষণায়
প্রাপ্ত তথ্যে ভুক্তভোগীদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করার উদ্যোগ নেয়া
হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব
উদ্দিন এসব কথা জানিয়েছেন।
আজ রোববার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের স্থানীয়ভাবে অভিযোজনের জন্য টেকসই জীবিকার কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক একটি সেমিনারে এসব তথ্য জানান মন্ত্রী। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে সেমিনারটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেমিনারে মন্ত্রী বলেছেন, ‘২০১৮ সালের এক গবেষণা অনুযায়ী নদী ভাঙনের কবলে পড়ে প্রতি ১০০ জনে ১ দশমিক ৬ জন পুরুষ ও দশমিক ৯ জন নারী শহরমুখী হচ্ছে। সপরিবারে শহরমুখী হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিনিয়ত নগরায়ণ, কৃষিজমিতে শিল্পায়ন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে ক্রমশ কমছে কৃষিকাজ। যে কারণে এ পেশার সাথে সম্পৃক্ত বিশাল একটি অংশ দ্রুত শহরমুখী হচ্ছে। শহরমুখী এ অভিগমন রোধ করে স্থানীয়ভাবে তাদের জীবিকার ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করবে।’
‘এ ধরনের সংকট মোকাবেলায় সরকার জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক মোট ৮৫১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণ সামাজিকভাবে এর সুফল ভোগ করছে। এসব প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্প জাতীয় পর্যায়ে ও একটি প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার লাভ করেছে।’
মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় গবেষণালব্ধ জ্ঞান, স্থানীয় অর্থনৈতিক ভিত্তি এবং স্থানীয়ভাবে অভিযোজনের সুযোগ করে এমন একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ প্রকল্পে প্রাপ্ত সুপারিশের মাধ্যমে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। গবেষণার ফলাফল জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অবদান রাখবে।