মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ, তার যৌবনে তিনি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন একজন খেলোয়াড় হিসেবে, সংগঠক হিসেবে। তিনি ঢাকার একটি বিখ্যাত ক্লাবের কর্মকর্তা ছিলেন। তার বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন আরেকটি ক্লাবের প্রতিষ্ঠাতা। তার গোটা পরিবারই ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিল। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার পরে ক্রীড়াকে তিনি যেভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর আমল বাদ দিলে আর কেউ কোনো দিন এত বেশি পৃষ্ঠপোষকতা দেয়নি। সে কারণে মহিলা সাফ গেমসসহ আমাদের ক্রীড়ার বিকাশ হয়েছে, মর্যাদাপূর্ণ অবস্থা হয়েছে।’
তিনি গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে পিরোজপুর জেলা স্টেডিয়ামে তিন দিনব্যাপী ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলার সাত উপজেলার দেড় শতাধিক ক্রীড়াবিদ এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব প্রমুখ।