সাবরাংয়ে জেটি ও যমুনা নদী শাসনে ৩৯৫ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ এবং যমুনা নদীর তীর রক্ষায় মোট ৩৯৫ কোটি টাকার পৃথক দুটি উন্নয়ন প্রকল্পের ক্রয়প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার সভায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উত্থাপিত এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা যায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়নাধীন “মিরসরাই, সন্দ্বীপ, সোনাদিয়া ও টেকনাফ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ” প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফের সাবরাং অংশে আরসিসি জেটি ও অবকাঠামো নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। ২১৫ কোটি টাকা চুক্তিমূল্যে এই কাজ করার জন্য ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (এনডিই)-কে ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে বিশ্বব্যাংক ও সরকারের অর্থায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাউবো) কর্তৃক বাস্তবায়নাধীন যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১"-এর অধীনে টাঙ্গাইল জেলার কালীহাতিতে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ ও ৬টি পারমিঅ্যাবল গ্রোইন নির্মাণের পূর্ত কাজ অনুমোদন করা হয়েছে। ১৮০ কোটি টাকা ব্যয়ে এ কাজটি করা হবে।

এছাড়া বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার 'ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট -এর একটি সিভিল প্যাকেজের ভ্যারিয়েশন (সংশোধন) প্রস্তাবও অনুমোদন করা হয়। এতে প্রকল্পটির ব্যয় ৬১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৭৩ টাকা বেড়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ ৮ হাজার টাকায়।

আরও