রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস মারা যান। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, আমজাদ বিশ্বাস ভ্যানে করে সোনাপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।