ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলকে আহ্বায়ক করে এ কমিটি গঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ। তাদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে উপাচার্য তার অফিসে জরুরি সভা শেষে এ কমিটি গঠন করেন। এ সময় উপাচার্য বলেন, যে কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে। কমিটির সদস্যসচিব করা হয়েছে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. আলীবদ্দীন খানকে। কমিটির বাকি সদস্যরা হলেন- প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। কমিটির আহ্বায়ক অধ্যাপক রেবা মন্ডল বলেন, চিঠি হাতে পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিগগিরই প্রতিবেদন জমা দেব।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ঘটনার সত্যতা বের করতে তারাও প্রশাসনকে অনুরোধ করেছেন। অভিযোগ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ ওই হল পরিদর্শন শেষে বলেন, ছাত্রীরা নিরাপদে রয়েছে।
গত শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় ৩টা পর্যন্ত ওই ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে ইবি ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা আক্তার অন্তরা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। র্যাগিংয়ের সময় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা তাকে মারধর করে ভিডিও ধারণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।