চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা সবাই নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটককৃত ৩৫ জনের মধ্যে ১৯ জনই শিশু। গত শুক্রবার রাতে তারা ভাসানচর ক্যাম্প থেকে অবৈধভাবে পালিয়ে এসে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পতেঙ্গা থানায় হস্তান্তর করে।
আটক হওয়া এক রোহিঙ্গা পুরুষ জানিয়েছে, মাথাপিছু দুই হাজার টাকা নিয়ে ভাসানচরের স্থানীয় দুই দালাল তাদের ক্যাম্প থেকে বের করে আনে। রাত ১টার দিকে একটি নৌকায় তারা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। ভোরে পতেঙ্গায় পৌঁছার পর দালালরা সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। তাদের কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৌঁছে দেয়ার কথা ছিল।