ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠকে আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিটি মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশও করেছে কমিটি।
বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ যাতে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে যথাযথ ব্যবস্থা নেয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম অংশ নেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।