রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা

২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন।

তারা আত্মসমর্পণের কথা ভাবছেন বলেও রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। রয়টার্স বলছে, টেলিফোনে তার এ সাক্ষাৎকারটি নেয়া হয়েছে।

প্রসঙ্গত, চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। একই সঙ্গে তার দল আওয়ামী লীগের কার্যক্রমের ওপরও দেশে নিষেধাজ্ঞা জারি আছে।

শেখ হাসিনা টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, তিনি ও আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চান। তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে চান। বাংলাদেশে ফিরলে গ্রেফতার, এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলেও দাবি করেন শেখ হাসিনা।

তবে ডিসেম্বরে ঠিক কবে বাংলাদেশে ফিরবেন, কখন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, তা উল্লেখ করতে অস্বীকৃতি জানান শেখ হাসিনা। সরকারে থাকার সময় আওয়ামী লীগের ভুল হয়ে থাকতে পারে—এ ধরনের মন্তব্য করলেও কোনো ধরনের দায় স্বীকার করেননি শেখ হাসিনা। তার মতে, কোনো সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে ভুল হতেই পারে। তবে সরকারের ভালো-মন্দ, সঠিক-ভুল বিচার করার অধিকার জনগণের।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। বিএনপি সরকারও সেটা বহাল রেখেছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পরিকল্পনার ইঙ্গিত দেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসন নিয়ে অনলাইন বৈঠক করেছেন বলে রয়টার্সকে জানান তিনি।

এ বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে যোগাযোগ করে বিবিসি বাংলা। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের একটি মামলায় বিচার শেষে আদালতে ফাঁসির রায় হয়েছে। আরো অনেক হত্যা মামলায় আদালতে তার বিচার চলছে।’

বিচারের বিষয় উল্লেখ করে রিজভী বলেন, ‘হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে।’ তিনি আরো জানান, শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কী করবেন—সেটা তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে তাদের বিচার নিশ্চিত করার পক্ষে বিএনপি সরকারের অবস্থানের কথা উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালিয়েছেন, শিশু-কিশোরদেরও হত্যা করেছেন। সেই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত হোক, সেটা জনগণ চায়। আদালতে বিচার চলছে। ফলে অপরাধের ব্যাপারে বিচার হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে।’

আরও