ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে আরো ১ হাজার ৯৪২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৭ হাজার ৬৭২ জন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২৮ দিনে ১৪২ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৪২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৭২ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৮৫ জন। এছাড়া খুলনা বিভাগে ২৬৪ জন, বরিশালে ২১৩, চট্টগ্রামে ৩০১ জন, ময়মনসিংহে ১২০, রংপুরে ৫৬ জন এবং রাজশাহী ১৯৭ জন।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে আটজনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হন ২ হাজার ৩৬ জন, যা ছিল চলতি বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। গত রোববার (২৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ২ হাজার ১৫৮ জন আক্রান্ত হন, যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ।