হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের ৫০ সদস্যের অগ্রবর্তী দল দেশ ছেড়েছে। আজ বৃহস্পতিবার তারা হাইতির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হাইতিতে যাওয়ার আগে আজ সকালে সেনাসদরে গমনকারী সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে এ মোতায়েন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।