ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া চারজনের মধ্যে চট্টগ্রাম বিভাগের একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, মোট ৩৭ জনের। এরপর খুলনা বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে চারজন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন মারা গেছেন। রংপুর ও সিলেট বিভাগে মারা গেছেন দুজন করে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৯ হাজার ৫৩২ জন। নারীদের তুলনায় পুরুষদের আক্রান্তের হার বেশি। মোট আক্রান্তের ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ নারী এবং ৪৫ শতাংশ পুরুষ।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৪৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।