গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি স্বাভাবিক মৃত্যু।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি বোনারপাড়া স্টেশনে পৌঁছানোর পর পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কারের কাজ শুরু করেন। এ সময় তারা সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী কলেজ ট্রেনের শেষ বগিতে তাকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের ভেতর বৃদ্ধের নিথর দেহ পড়ে ছিল। কোনো আঘাতের চিহ্ন না থাকায় এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। পরিবারের সদস্যরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।