রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, দোলা ক্যানেলের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় বিষয়টি টের পান লোকজন। পরে চিৎকারের পাশাপাশি মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে ফজরের নামাজে আসা মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করে আটক করেন। এর পর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন এজারুল ওরফে রেজাউল কানা (৪৫), তিনি কচুয়া সরদারপাড়া এলাকার বাসিন্দা। অপরজন সাদিকুল ইসলাম (২৫), তার বাড়ি উপজেলার কোলকোন্দ ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোলা ক্যানেলের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় বিষয়টি টের পান লোকজন। পরে চিৎকারের পাশাপাশি মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে ফজরের নামাজে আসা মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করে আটক করেন। এর পর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। মরদেহ দুটি থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরও