গাজীপুর মহানগরের পূবাইলে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করা হয়। এতে স্বজন, সহযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
দোয়া ও মোনাজাতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে তার অবদান, দেশপ্রেম ও সমাজের মানুষের প্রতি তার ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হারুন।
কুলখানিতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকার গত ২১ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।