গত ২৪ ঘণ্টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে তিনি ওষুধে রেসপন্স করছেন বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। আজ বুধবার বিবিসি বাংলা তিনি এসব তথ্য জানান।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়। এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।
গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি-না এমন প্রশ্নে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকালের মতোই স্থিতিশীল অবস্থায়ই আছেন তিনি।
'সংকাটাপন্ন' অবস্থা থেকে ওষুধ গ্রহণের বিষয়টিকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেহেতু ওষুধে রেসপন্স করছে, সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা একটা গুড সাইন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। সে সময় তিনি জানিয়েছিলেন, খালেদা জিয়াকে যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে সেটি গ্রহণ করতে পারছেন তিনি। এরপর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিষয়ে আর কোনো ব্রিফিং করা হয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে এরই মধ্যে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং।
এদিকে আজ দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান মৎস্য ও পানিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সন্ধ্যায় সেখানে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নেন।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওইদিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড।