নাসিক মেয়র-কাউন্সিলরদের শপথ আগামীকাল

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আগামীকাল বুধবার শপথ নেবেন। একইদিন ওই সিটির নবনির্বাচিত ২৭ জন কাউন্সিলর ও ৯ জন নারী কাউন্সিলরের শপথ নেয়ার কথা রয়েছে ।

আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামীকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নাসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন তিনি।

অন্যদিকে সশরীরে উপস্থিত থেকে কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬ হাজার ৫৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। টানা তৃতীয় বার মেয়র নির্বাচিত হন তিনি।

আরও